রাজধানীর পল্লবীতে মুসা গ্রুপের সন্ত্রাসীদের হামলায় মামুন গ্রুপের সদস্য বাবু ওরফে ব্লেড বাবু (৩৫) নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকালে পল্লবীর টেকেরবাড়ি এলাকায় ব্লেড বাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম। তিনি বলেন, সোমবার বিকাল ৪টার দিকে পল্লবী থানাধীন সেকশন ১২ টেকেরবাড়ি এলাকায় বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে চাপাতি ও সুইচ গিয়ার দিয়ে বাবুকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলো জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আবুল কাইয়ুম বলেন, যতদূর জানতে পেরেছি, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুরে সন্ত্রাসী কার্যক্রমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর ড-ব্লকের মামুন গ্রুপের সঙ্গে সদ্য জেল থেকে বের হয়ে আসা মুসা গ্রুপের সংঘর্ষ চলছিল। মুসা আরামবাগে নিহত আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার অন্যতম আসামি। টিপু হত্যাকাণ্ডের পর তিনি ওমানে চলে যান। এরপর ইন্টারপোলের মাধ্যমে ওমান থেকে তাকে দেশে ফেরত আনা হয়। পরে ৩ জানুয়ারি জামিনে বের হয়ে আধিপত্য দেখাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, সোমবার বিকালে মুসা গ্রুপের মুরাদ, রনি, রাজন, সাকিন ও তুফানসহ ১০-১২ জন টেকেরবাড়ি এলাকায় বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে পরিকল্পিতভাবে বাবুকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বাবুর বিরুদ্ধে গত এক সপ্তাহে চুরি-ছিনতাইসহ প্রায় ১৫টি অভিযোগ জমা পড়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় ১৫টি মামলাও রয়েছে। বাবু পল্লবীর আরেক শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য।









