রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ড মামলায় মো. মুরাদ নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগের একটি দল।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি পুলিশের বরাতে ডিসি তালেবুর রহমান জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি সাড়ে ৩টায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে ব্লেড বাবু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে গত ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে মুরাদকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এফজেড ও একটি টার্বো মোটরসাইকেল জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি আরও জানায়, মুরাদ পল্লবী এলাকার মুসা-রাজন গ্রুপের সদস্য। ভিকটিম বাবুও পল্লবীর আরেক সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য। বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মুরাদ হত্যা, ডাকাতিসহ সাতটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।








