দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব পৃথক এ চার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মহিবুল, বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক ও বেবিচকের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী হাবিবুর রহমান, অ্যারোনেস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর আনাম ও পরিচালক লুৎফুল্লাহ মাজেদ।
এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা, রাডার স্থাপন প্রকল্পের আওতায় রাডার নির্মাণের সময় প্রায় দুইশ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া, একই বিমানবন্দরের সম্প্রসারণ (তৃতীয় টার্মিনাল) প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে আত্মসাৎ করা হয় ১৫০ কোটি টাকা।








