রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অবস্থান নেন তারা।
এর আগে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে শিক্ষা ভবনের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাদের চাকরি হারাতে হয়েছে। অন্তবর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি করেন তারা।
এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
একই দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) তারা পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেন।









