ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোলাম মোহাম্মদ আলমগীরের নামে ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
মামলার এজাহারে বলা হয়, ম্যাক্স গ্রুপের ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এরমধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ রয়েছে ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৩ সাল থেকে সেই অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
/জেইউ/এপিএইচ/








