রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে থেকে ‘নিখোঁজ’ স্কুলছাত্রীকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নওগাঁ সদরের মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার নিখোঁজ হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।
র্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আজ বিকাল ৩টার দিকে নওগাঁ সদরের মধ্যপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে র্যাবের হেফাজতে আছে। পরিবারের লোকজন নওগাঁয় পৌঁছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।’
র্যাবের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদপুর থেকে ওই কিশোরীকে নওগাঁ সদরে নিয়ে গেছে নওগাঁ মধ্যপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে মো. মোমিন। ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে তাদের পরিচয় হয়। মোমিন রাজধানীর বঙ্গবাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুস্থ আছে জানিয়ে ওই কিশোরী বলে, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’
মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রীকে নওগাঁয় দেখা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে যায় সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায়, এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, ‘ওই স্কুলছাত্রীর বাবা জিডি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ওই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।’
কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বাবার সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্বজনের মোহাম্মদপুরের বাসা থেকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয় সে। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার বাবা।
ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে কিশোরীকে দেখা যায়। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল।
নিখোঁজের বিষয়ে কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে আছি। রবিবার সন্ধ্যায় মেয়ে নিখোঁজ হয়।









