জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গতবছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির চূড়ান্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেন।
সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ঢাবির স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণের সত্যানুন্ধান কমিটি আশা করছে ২০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
‘সত্যানুসন্ধান কমিটির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় আক্রান্ত, আহত এবং প্রত্যক্ষদর্শীরা অনেক অভিযোগ করেছেন এবং সেসব অভিযোগের সমর্থনে ভিডিও, ছবি এবং প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট পাঠিয়েছেন— যা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।’
বিবৃতিতে বলা হয়, সত্যানুসন্ধান কমিটি নিজ উদ্যোগেও বিভিন্ন দেশি-বিদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া সত্যানুসন্ধান কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি এলাকায় ভাগ করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছেন।
‘তথ্যাদির ওপর ভিত্তি করে সত্যানুসন্ধান কমিটি সহিংস ঘটনায় জড়িতদের অনেকের চিহ্নিত করতে পেরেছে। বর্তমানে সত্যানুসন্ধান কমিটি চিহ্নিতদের পরিচয় নিশ্চিত করার কাজ শেষ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছে।’









