জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম এবার অমর একুশে বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা নিতে মেলায় আসা অনেক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই মেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৭২০ জন একুশে বইমেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য সেবা নিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স বিভাগের ড. মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নির্দেশে একুশে বইমেলায় এ বছর প্রথমবারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এ সেবা দেওয়ার জন্য সংস্থাটি এবার বইমেলার ১০৮৯ ও ১০৯০ নম্বর স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য সেবা দিচ্ছেন লিগ্যাল এইড অফিসাররা।
সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানান, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আসা পাঠক ও দর্শনার্থীর মাঝে সচেতনতা বাড়াতে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী মেলায় উপস্থিত থেকে স্টলে আসা দর্শনার্থীদের আইনগত পরামর্শ ও তথ্য দিচ্ছেন। এছাড়া সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে পোস্টার, স্টিকার, প্যামফ্লেট, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, লিফলেট, ব্রশিয়ার ও অন্যান্য প্রকাশনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশিত বাংলাদেশ কোড এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাগুলো প্রদর্শন করা হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন ও বিচার বিভাগের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা দিতে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ প্রণয়ন করা হয়। ৬৪টি জেলায় অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামে স্থাপিত শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে সারা দেশে সরকারি খরচে আইনগত সেবা দেয়। একইসেঙ্গে দেশ-বিদেশের যেকোনও প্রান্ত থেকে যেকোনও ব্যক্তি বিনামূল্যে লিগ্যাল এইড হেল্পলাইন ‘১৬৪৩০’ (টোল ফ্রি) নম্বরে ফোন করেও আইনি পরামর্শ ও তথ্যসেবা পেতে পারেন।









