চাকরি স্থায়ীকরণের জন্য এক ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন আউটসোর্সিং কর্মীরা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে আছে। এ সময় পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও আউটসোর্সিং কর্মীদের কেউ কর্ণপাত করেননি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে থেকে তারা অবরোধ শুরু করেন। প্রতিবেদন লেখার আগে পর্যন্ত আউটসোর্সিং কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতর সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা। তাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে।
ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।’
এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেবো, তবু দাবি আদায় না করে ঘরে ফিরবো না।









