সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তমাল মনসুরের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।
আক্তার হোসেন জানান, তমাল মনসুর বাংলাদেশে ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেন। এছাড়া তার নিজ নামে ও ব্যবসায়িক তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমৈ তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকায় তার ১২টি অ্যাপার্টমেন্ট ও চারটি পার্কিং স্পেস রয়েছে, যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি ডলারে বাংলাদেশি মুদ্রায় ৭৭ টাকা করে হিসাব করা হয়েছে। আমেরিকার একই শহরে তমালের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। এই হিসাবও ৭৭ টাকা ধরা হয়েছে প্রতি ডলারের বিপরীতে। অপরদিকে, তিনি আরেকটি ব্যবসায়িক স্পেস কিনেছেন ১০ কোটি ৬৫ লাখ টাকায়, যার মূল্য হিসাব করা হয়েছে ডলার প্রতি ৭৫ টাকা হারে। সর্বমোট ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার বাংলাদেশি টাকায় এসব সম্পদ কেনা হয়েছে। বাংলাদেশ ও আমেরিকায় তমাল মনসুরের ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক— যার বর্তমান বাজার মূল্য আরও অনেক বেশি।









