রাজধানীর মিরপুরের একটি বাড়িতে রংপুর আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছেন– এমন সন্দেহে বাড়িটির সামনে শুক্রবার (৩০ মে) রাতভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের দাবির মুখে শনিবার (৩১ মে) সকালে মিরপুর এক নম্বরের চিড়িয়াখানা রোডের ওই বাড়ি থেকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদকে আটক করে শাহ আলী থানা-পুলিশ। তবে ববি ও সিরাজুলকে পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ডিএমপির শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলন, মো. নুরুল হুদা ফরহাদকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ওই আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর নামে কোনও মামলা আছে কিনা তা এখনও জানা যায়নি।









