রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১৩৬টি বিভিন্ন মডেলের ছিনতাইকৃত মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)
গ্রেফতারকৃতরা হলো— মো. উজ্জল (৩৫), মো. সোহাগ (২১), মো. সিয়াম (১৮), মো. আব্দুল্লাহ আল নোমান (২৪) ও জাহিদুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার (৩ জুন) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, সোমবার (২ জুন) রাতে গুলিস্তানের নগর ভবনের সামনে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করে ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করত।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০টি মোবাইল ফোনসহ মো. কাউছার (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার এই পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১৩৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। হয়েছে।









