নোভার্টিসের শেয়ার বিক্রির স্বচ্ছতা জানতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ২১:০০আপডেট : ২১ জুন ২০২৫, ২২:১২

বহুজাতিক কোম্পানি নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার বিক্রিতে অস্বচ্ছতা ও অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির প্রতিটি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য ৯৪৫ টাকার বেশি হলেও প্রায় আড়াই গুণেরও বেশি দামে এই শেয়ার বিক্রির চুক্তি হয়েছে। পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, শেয়ারের দাম কৃত্রিমভাবে বেশি দেখিয়ে প্রায় ১৩৮ কোটি টাকা বিদেশে পাচারের চেষ্টা চলছে। এই অস্বচ্ছ লেনদেনের কেন্দ্রে রয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার চেয়ারম্যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। এই প্রক্রিয়ায় ৪০ শতাংশ শেয়ারের মালিক হয়েও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর নীরবতা এবং বাংলাদেশ ব্যাংক ও যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধকের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নোভার্টিসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য ছিল ৯৪৫ টাকা ৭৩ পয়সা। সেই হিসাবে, বিক্রি হতে যাওয়া ৯ লাখ ৭৫ হাজার ৩৬টি শেয়ারের মোট ন্যায্যমূল্য দাঁড়ায় প্রায় ৯২ কোটি ২২ লাখ টাকা। কিন্তু এই শেয়ার বিক্রি করার জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ কোটি টাকা। 

অনেকে প্রশ্ন তুলেছেন, কোন মাপকাঠিতে ৯২ কোটি টাকার শেয়ারের দাম ২৩০ কোটি টাকা নির্ধারণ করা হলো? এটি একটি পরিকল্পিত অতিমূল্যায়িত চুক্তি, যার মাধ্যমে শেয়ারের মূল্যের চেয়ে অতিরিক্ত প্রায় ১৩৮ কোটি টাকা বিক্রেতাকে পরিশোধ করা হবে, যা পরে বৈদেশিক মুদ্রা হিসেবে বিদেশে চলে যাবে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া এক অভিযোগে বলা হয়েছে, এই প্রক্রিয়াটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এমন পরিস্থিতিতে পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়ে গত ১৯ জুন একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুজ্জামান এই নোটিশটি পাঠান। নোটিশটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর প্রধান, বিসিআইসির চেয়ারম্যান এবং আরজেএসসির রেজিস্ট্রার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নয়টি দফতরে পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, নোভার্টিস এজি এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা শেয়ার ক্রয় চুক্তির বিষয়বস্তু সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি পর্যালোচনা না করেই শেয়ার হস্তান্তরে সম্মতি দিয়েছে। এর ফলে সরকারের আর্থিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এই লেনদেনটি বিদেশে অর্থ পাচারের একটি কৌশল হতে পারে এবং জনগণের টাকা ব্যবহার করে পূর্ববর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হওয়ার চেষ্টা করছেন। স্বাধীন অডিটের মাধ্যমে শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ করতে এবং সেই প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত শেয়ার হস্তান্তরের অনুমোদন ও রেজিস্ট্রি প্রক্রিয়া স্থগিত রাখতে হবে আবেদন করা হয়েছে।

/জেইউ/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম