রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করা আল-আমিনকে (২৬) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, ছিনতাই মামলার আসামিকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায় কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২।
মো. খালিদুল হক হাওলাদার বলেন, গত ১৬ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার লাউতলা বাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন আল-আমিন। এ সময় মোশারফ, রিপন ওরফে গিট্টু রিপন এবং আরও কয়েকজন কিশোর গ্যাং সদস্য ধারালো সামুরাই অস্ত্র দিয়ে আল-আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় আল-আমিনের ডান পায়ের হাঁটুর রগ কেটে দেওয়া হয় এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর র্যাব-২ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে গত ১৮ জুলাই ভোলার চরফ্যাশন থানার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে মূল অভিযুক্ত মোশারফ ও তার সহযোগী রিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব-২ অধিনায়ক।








