রাজধানীর যাত্রাবাড়ীতে শারদীয় দুর্গাপূজার একটি মণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ রাব্বি (২৫) নামে এক যুবককে আটক করেছে আনসার-ভিডিপি ও পুলিশ।
রবিবার বিকাল ৪টার দিকে কাজলারপাড় সার্বজনীন মাতৃ পূজামণ্ডপের পাশ থেকে তাকে আটক করা হয়। সোমবার (১৯ অক্টোব) আনসারের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনসার-ভিডিপির সহকারী সেকশন কমান্ডার মো. শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে রাব্বিকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো রঙের একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়।
আটক যুবককে বর্তমানে যাত্রাবাড়ী থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার-ভিডিপি।