রাজধানীর মধ্য বাড্ডায় দুইতলা ভবন থেকে পড়ে মো. পলাশ মাদবর (৩৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পলাশ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জৈনতপুর গ্রামের গ্রিল ওয়াকসপ ব্যবসায়ী আব্দুল মান্নান মাদবরের ছেলে। বর্তমান মধ্য বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
মৃতের ছোট ভাই মো. আকাশ মাদবর জানান, দুপুরে নিজ বাড়ির দ্বিতীয় তলায় টিনের চাতাল লাগানোর সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন পলাশ। পরে তাকে স্থানীয় আল-সামি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল পৌনে ৩টার দিকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।









