প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে কার্যালয় অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৯ দফা দাবি পূরণে বিকাল ৩টা পর্যন্ত সময় বেঁধে দেন।
শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। সময়সীমার মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি
১. অন্তর্বর্তীকালীন প্রশাসক কর্তৃক পরীক্ষা নিয়ন্ত্রণ
২. রেজিস্ট্রেশনের সব ফি সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা
৪. নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা
৫. সাত কলেজের শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন
৬. পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ
৭. সিজিপিএ শর্ত বাতিলসহ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা
৮. প্রশাসক (ভিসি) নিয়োগের সঙ্গে সঙ্গেই ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং
৯. মানোন্নয়ন ফি কমানোর দাবি।
প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়েছে, দাবি সমাধানের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মেনে নিলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।









