আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনসহ নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৪ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চান। শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে চার দফায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
এ মামলার ১১ আসামির মধ্যে এখন পর্যন্ত চার জনের নাম প্রকাশ করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা, জিয়াউল ছাড়াও অন্যরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। বর্তমানে জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে চলতি বছরের ৬ জানুয়ারি শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে ২০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়। ওই দিনও জমা দিতে না পারায় ২৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষে সময় চাইলে আজ ফের নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।








