সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে একটি বিভ্রান্তিকর ছবি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে, যেখানে একজন ছাত্রের মুখ চেপে ধরার দৃশ্য দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছবিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, এটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
ডিএমপি জানায়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এমন ছবি তৈরি ও প্রচার করা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। একইসঙ্গে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।









