জুলাইয়ের তুলনায় আগস্টে গণপিটুনিতে হত্যা বেড়েছে: এমএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

দেশে ক্রমেই বাড়ছে গণপিটুনির ঘটনা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে কমপক্ষে ৩৮টি ঘটনায় ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এর আগের মাস জুলাইয়ে ৫১টি ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন।

গণপিটুনির পেছনের কারণ

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জনকে চুরির অভিযোগে, চার জনকে সন্দেহভাজন চুরির অভিযোগ এবং তিন জনকে ডাকাতির অভিযোগে হত্যা করা হয়েছে। এছাড়া পূর্বশত্রুতার জেরে দুই জন (একজন নারীসহ), মাদক মামলার অভিযুক্ত হিসেবে একজন, ছিনতাইয়ের অভিযোগে দুই জন এবং চাঁদাবাজির অভিযোগে একজনকে গণপিটুনিতে হত্যা করা হয়।

এ প্রসঙ্গে এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রতিবেদনে যে সংখ্যাটি উঠে এসেছে, বাস্তবে এর চেয়েও বেশি ঘটনা ঘটছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। এভাবে গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় এটি আইনশৃঙ্খলার অবনতিরই প্রতিফলন।

সাংবাদিক নির্যাতন বেড়েছে তিনগুণ

আগস্টে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমএসএফ জানায়, পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৩টি ঘটনায় ৯৬ জন সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি এবং হত্যার শিকার হয়েছেন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩০।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এছাড়া ৩৬ জন আইনি হয়রানির শিকার হয়েছেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জনকে হামলা করে আহত করা হয়েছে, ১৬ জনকে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে এবং ২০ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ৭ আগস্ট গাজীপুরে। ওই রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর নিপীড়নের প্রতিকার নেই। তারা পুলিশের কাছে যেতে পারছেন না, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ার সুযোগও নেই।

রাজনৈতিক সহিংসতা

আগস্ট মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনায়ও হতাহত হয়েছেন অনেকে। প্রতিবেদনে বলা হয়, এ মাসে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত এবং দুই জন নিহত হয়েছেন। নিহত দুজনই বিএনপির কর্মী।

এ সময় বিএনপির অন্তর্দ্বন্দ্বে ২৩টি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পাঁচটি, বিএনপি-জামায়াত সংঘর্ষে দুটি, আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষে একটি এবং অন্যান্য রাজনৈতিক দ্বন্দ্বে ১৮টি ঘটনা ঘটে। কিছু ঘটনায় পার্টি অফিস, বাড়িঘর, দোকানপাটে হামলা, অগ্নিকাণ্ড ও ককটেল বিস্ফোরণও হয়েছে।

কারা হেফাজতে মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, আগস্টে দেশের বিভিন্ন কারাগারে ১০ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন কয়েদি এবং সাত জন হাজতি ছিলেন। জুলাই মাসেও সমান সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে।

সংখ্যালঘু নির্যাতন

এমএসএফের তথ্যমতে, আগস্ট মাসে ১০টি ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ, জমি দখল ও কটূক্তির শিকার হয়েছেন। এছাড়া কটূক্তির অভিযোগে তিন জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে ৩৪৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৭টি ধর্ষণ, ১৯টি সংঘবদ্ধ ধর্ষণ, চারটি ধর্ষণ শেষে হত্যা, ২৪টি ধর্ষণের চেষ্টা, ২১টি যৌন হয়রানি এবং ৯৪টি শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে।

ধর্ষণের শিকারদের মধ্যে ১১ শিশু ও ১৭ কিশোরী ছিলেন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ছয় কিশোরী ও ৯ নারী।

/এবি/আরকে/
সম্পর্কিত
স্থানীয়দের পিটুনিতে নিহত যুবলীগ নেতা হত্যা মামলার আসামি
গণপিটুনি দিয়ে হত্যা কী ধরনের অপরাধ, এর সাজা কী
সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি, পিটুনিতে এক ‘চোর’ নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান