পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সারাদেশে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে পলিথিন জব্দসহ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় পরিচালিত ৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি মামলায় ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে চকবাজারে একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
এদিন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী বান্দরবানে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় ও ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
ঢাকার নিকুঞ্জ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।









