ডাকসুর কাজ কী, কতটা অবগত শিক্ষার্থীরা

জুবায়ের হোসাইন
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। কোনও অঘটন না ঘটলে চলতি মাসের ৯ তারিখেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ডাকসুর কাজ কী? এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ শিক্ষার্থীরাই উত্তর দিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি করা; যারা শিক্ষার্থীদের যেকোনও অধিকার আদায়ে কাজ করবে।

আবার ডাকসু নির্বাচনের ইতিহাস বিবেচনা করলে দেখা যায়, ডাকসু নির্বাচনের প্রধান নেতৃত্বগুলো দখল করেছেন জাতীয় রাজনীতির বড় বড় পদগুলো। এসবের মাঝে আড়ালেই রয়েছে ডাকসুর মূল কাজ। শিক্ষার্থীসহ অনেক প্রার্থীরাই জানেন না ডাকসুর কাজ কী। প্রার্থীদের ইশতেহারগুলোতে ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের সামান্যই প্রতিফলন দেখা গেছে।

ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য কী?

২০১৯ সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়, সে লক্ষ্যে গঠনতন্ত্রে কিছু সংশোধন আনা হয়েছিল। সেই গঠনতন্ত্রে ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পাঁচটি। তবে এবারের নির্বাচন সামনে রেখে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাতে ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যের অংশে চব্বিশের আন্দোলনের ছাত্রজনতার চেতনাকে প্রতিষ্ঠা করার বিষয়টি নতুন করে যুক্ত করা হয়েছে।

সর্বশেষ গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য

স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ ও লালন করা, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা এবং দেশের ইতিহাসে সংঘটিত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের চেতনা প্রতিষ্ঠিত করা, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও সহপাঠ্য কার্যক্রমে সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছানো।

আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা, বিশ্ববিদ্যালয় জীবন থেকে সর্বোচ্চ অ্যাকাডেমিক ও সহশিক্ষামূলক সুবিধা লাভ করা, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করা।

সবশেষে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত ও অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থী এবং বাংলাদেশ ও বহির্বিশ্বে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃপ্রতিম অন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতাকে উৎসাহিত করতে হবে।

ডাকসুতে নির্বাচিতদের কাজ কী?

ডাকসুর গঠনতন্ত্রে উল্লিখিত ভিপি-জিএসসহ ২৮ জন নির্বাচিত প্রতিনিধি ও পদাধিকারবলে উপাচার্য এবং উপাচার্য মনোনীত কোষাধ্যক্ষকে নিয়ে ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। তারা দায়িত্বগ্রহণের পর গঠনতন্ত্র অনুযায়ী কাজ শুরু করেন।

গঠনতন্ত্রে নির্বাহী কমিটির জন্য ৯টি সুনির্দিষ্ট পয়েন্টে কাজের কথা উল্লেখ রয়েছে। সেখানে বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনই মূল কাজ হিসেবে উল্লেখ রয়েছে। পাশাপাশি সমাজসেবামূলক কাজে উৎসাহিত করার কথা বলা হয়েছে। কমিটির নির্বাচিত প্রতিনিধিদের এ কাজগুলো বাস্তবায়নে একক ও সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই ডাকসুর নেতাদের মূল কাজ।

ডাকসু ও নির্বাচিত প্রতিনিধিদের কাজগুলোর মধ্যে সবচেয়ে ওপরে স্থান পেয়েছে শিক্ষার্থীদের অধিকার সমুন্নত রাখা। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য ছাত্রসংসদ সর্বদা সচেষ্ট থাকবে।’

গঠনতন্ত্রে এরপরই বলা হয়েছে, ছাত্রসংসদের সদস্যদের ব্যবহারের জন্য কমনরুম তত্ত্বাবধান করবে এবং সেখানে ইনডোর গেমস, দৈনিক পত্রিকা ও সাময়িকী সরবরাহ করবে।

ডাকসুর উদ্যোগে বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ করতে হবে এবং কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সভাপতির অনুমোদন সাপেক্ষে অন্যান্য বুলেটিন, ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশ করবে।

বিভিন্ন সময়ে বিতর্ক, নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে, সাধারণ আগ্রহের বিষয়গুলো নিয়ে লেকচার আয়োজন করবে এবং যথাসম্ভব মিলনমেলার আয়োজন করা।

বছরে অন্তত একবার ডাকসুর নির্বাচিত সদস্যদের মধ্যে বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, প্রবন্ধ ও ইনডোর গেমসের প্রতিযোগিতা আয়োজন করবে, প্রতিযোগিতাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত হতে পারে।

সম্ভব হলে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও শিক্ষাবিষয়ক সম্মেলনগুলোতে প্রতিনিধি পাঠাবে। প্রতিবছর বিতর্ক প্রতিযোগিতার জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি পাঠাবে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।

সমাজসেবামূলক কার্যক্রমে উৎসাহ দেবে এবং বিভিন্ন কল্যাণমূলক বক্তৃতা, কর্মসূচি, প্রদর্শনী আয়োজন এবং সম্ভব হলে স্কুল পরিচালনার মাধ্যমে ছাত্রসংসদ সদস্যদের মধ্যে সামাজিক কাজের উদ্দীপনা জাগ্রত করতে হবে।

কার্যাবলী অংশের সবশেষে বলা হয়েছে, ডাকসুর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সভাপতির (উপাচার্য) অনুমোদন সাপেক্ষে অন্যান্য কাজ সম্পাদন করতে হবে।

শিক্ষার্থীরা অবগত নন ডাকসুর কাজ নিয়ে

একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ডাকসু প্রসঙ্গে এখনও পরিষ্কার ধারণা নেই সাধারণ শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন হবে শিক্ষার্থীরা ভোট দিবে প্রতিনিধিরা কাজ করবে, শিক্ষার্থীদের ভালোমন্দ দেখবে এমনটাই ধারণা বেশিরভাগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থী হানিফ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেটা কোনও কাজের না। এজন্যই ডাকসু প্রয়োজন, যাতে করে শিক্ষার্থীদের জন্য কথা বলার মত কেউ থাকে।’

শিক্ষার্থী মারুফ শাহীন বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিশেষ করে নীতি-নির্ধারণী পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধি দরকার। যেমন সিনেটে যখন কোনও প্রস্তাবনা পাস হয় তখন সেখানে শিক্ষার্থী প্রতিনিধি থাকে না। ডাকসুর এটাই সবচেয়ে বড় কাজ।’

শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ডাকসুর কাজ সম্পর্কে আগে দেখার সুযোগ হয়নি। আমরা এসে ডাকসু পাইনি। যে আমরা চিন্তা করি আমাদের যে সংকট ক্যাম্পাসে ডাকসু নেতারা সেটা নিরসনেই কাজ করে।’

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমার মনে হয় ডাকসু জাতীয় নেতা তৈরি করে। কারণ ১৯ সালেও তো ডাকসু হয়েছিলো যদিও আমরা পাইনি। কিন্তু এসে তো ভালো কোনও পরিবেশ পাইনি। অথচ অনেকেই জাতীয় নেতা হয়ে গেছে।’

/এমএইচআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম