রাজধানীর বনানীর কাকলি চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আনিছ মিয়া শেখা গার্মেন্টসের হেলপার হিসেবে কাজ করতেন। তিনি শেরপুর সদর উপজেলার বড় তীরছা গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর ওয়ারলেস গেট করাইল বস্তিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
নিহতের বড় ভাই আসিক মিয়া জানান, দুপুরে লাঞ্চ ব্রেকের সময় আনিছ গার্মেন্টস থেকে বের হয়। কাকলি চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।









