স্ত্রীর ওপর বর্বর নির্যাতনের অভিযোগে লন্ডনের লিংকনের বাসিন্দা মোহাম্মদ আলীকে দুই বছর চার মাসের কারাদণ্ড হয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসা স্ত্রীর ওপর তিনি ধারাবাহিকভাবে সহিংস আচরণ করেছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
৩৫ বছর বয়সী মোহাম্মদ আলী, লিংকনের হাই স্ট্রিটের বাসিন্দা। তিনি গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণমূলক, জবরদস্তিমূলক আচরণ এবং সম্পত্তির ক্ষতির দুটি অভিযোগে দোষ স্বীকার করেছেন।
লিংকন ক্রাউন কোর্টে শুনানিতে নির্যাতনের ভয়ংকর বিবরণ উঠে আসে। প্রসিকিউটর অ্যালিস ইবটসন জানান, ভুক্তভোগীকে ‘বারবার আঘাত করা হয়েছে এবং ফুটবল খেলার মতো লাথি মারা হয়েছে।’ এছাড়া আরও বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয় আদালতে।
আরও জানা যায়, আলীর পুরোনো ইতিহাস রয়েছে। ২০১৫ সালে প্রথম স্ত্রীর ওপর নির্যাতনের জন্য তাকে ১২ মাসের কমিউনিটি অর্ডারে সাজা দেওয়া হয়েছিল।
কারাদণ্ডের পাশাপাশি আলীর বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক আদেশ জারি করা হয়েছে। ফলে তিনি আগামী ১০ বছর প্রাক্তন স্ত্রীর সঙ্গে কোনও ধরনের যোগাযোগ রাখতে পারবেন না।









