নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার অন্যরা হলো– নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫), নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮), ডেমরা থানা ৬৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮), পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ (৪৫), বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।
ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ। একই দিন রাতে উত্তরখান থানার কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মো. ইউসুফ ওরফে হৃদয় ও মো. বাকি বিল্লাহ বাবুলকে ওই রাতেই রাজধানী থেকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার বিকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হারুন-অর-রশিদকে গ্রেফতার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুরে চকবাজার থানার মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকালে শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো. সোহেল তাজকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।







