লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৩ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে আনা হয়।
সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা সেখানে প্রবেশ করেছিলেন। পরে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে, প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য বিনিময় করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে।









