ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করা দুই আসামি সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ময়মনসিংহের ভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের (২৮) গত ১৪ ডিসেম্বর বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন পর্যায়ে রয়েছেন।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, সিভিয়ন দিউ আওয়ামী লীগের সাবেস এমপি আরেংয়ের ভাগ্নে। মূল আসামি ফয়সালকে জিজ্ঞেস করার জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।
রমান্ড আবেদনে বলা হয়, শরীফ ওসমান হাদিকে গুলি করা প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে আসামিরা অবৈধভাবে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তাই তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।








