সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মদিউর রহমান। তার বাড়ি ভোলা জেলায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
জানাজায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ জোহর জানাজা শুরুর আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের তীব্র চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় মদিউর মাটিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, “এক ব্যক্তির মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার পরিবারের সদস্যরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার এই জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ আজ ঢাকায় সমবেত হয়েছিলেন। অতিরিক্ত জনসমাগমের কারণে জানাজা শুরুর আগে থেকেই ওই এলাকায় তিল ধারণের ঠাঁই ছিল না।









