মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খোঁজ মিলেছে নিখোঁজ মো. ওয়াশিম আহমেদ মুকছানের (৪০)। মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলীর মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে কদমতলী থানা-পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) শারমিন আক্তার টুম্পা নামে এক নারী রাজধানীর কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি উল্লেখ করেন, তার স্বামী মো. ওয়াশিম আহমেদ মুকছানকে একইদিন ভোর আনুমানিক ৫টার দিকে কদমতলী থানার রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনী পরিচয়ে পাঁচ-ছয় জন ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে কদমতলী থানা-পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভুক্তভোগকে উদ্ধারে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তারা কোনও বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় থানা-পুলিশ মঙ্গলবার কদমতলীর মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ওয়াশিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।
কদমতলী থানা সূত্রে জানা গেছে, ওয়াশিম ও তার স্ত্রী ও পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াশিমের মাদকাসক্তের কারণে পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। তদন্তে আরও জানা যায়, ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বলে তারা এই সময়টি বেছে নেয়। তবে এই ক্ষেত্রে ওয়াশিমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি।
উদ্ধারের পর ওয়াশিমকে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার কাছে হস্তান্তর করা হয়।








