মেট্রোরেলের নির্মাণের জন্য ২০১৮ সালে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যান। দীর্ঘ সাত বছর পর উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যানটি বুঝিয়ে দেওয়ার পর সেটি উন্মুক্তের ঘোষণা দেওয়া হয়।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে।”
তিনি আরও বলেন, “উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধারা সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। উদ্যানের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করবো। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।”
হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, “উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিস্কার করে ফেলা হবে।”









