রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে খুরশিদা বেগম খুশি (৩৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর কুরারঘাট হাসপাতাল মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (পিএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মারিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক নানা জটিলতা ও কলহের কারণে খুরশিদা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই জেরে তিনি ঘরের লোহার অ্যাঙ্গেলের সাথে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত খুরশিদা বেগম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চন্ডিপুর পুরাতন বাজার এলাকার লালচান হাওলাদারের মেয়ে এবং রজ্জব আলীর স্ত্রী। তিনি স্বামীর সাথে কামরাঙ্গীরচরের ওই বাসায় ভাড়া থাকতেন।









