জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আজ এই মামলার রায় ঘোষণার কথা ছিল।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার রায় প্রস্তুত করার কাজ এখনও প্রক্রিয়াধীন থাকায় আজ রায় ঘোষণা করা সম্ভব হয়নি। ট্রাইব্যুনাল সব দিক বিবেচনা করে পরবর্তী সোমবার (২৬ জানুয়ারি) রায়ের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন। রায় ঘোষণার জন্য আজ সকালে কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুলে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই ঘটনায় গত ২০২৫ সালের ১৪ জুলাই আটজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
এ মামলায় মোট আসামি আটজন। তাদের মধ্যে গ্রেফতার চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
বাকি চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ২৪ ডিসেম্বর উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার পর্যায়ে আসেন।