ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছ (৬২) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
কারাসূত্রে জানা গেছে, কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় আনিছ অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (২৪ জানুয়ারি) কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত আনিছ ঠিক কোন মামলায় সাজাপ্রাপ্ত বা বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি কর্তব্যরত কারারক্ষীরা। তারা জানিয়েছেন, নথিপত্র যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।









