জাতীয় নির্বাচন ও গণভোটকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া উল্লেখ করে জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই সেনাবাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা যাবে না।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান।
রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফরকালে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেনাপ্রধান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্ত-প্রাতিষ্ঠানিক সমন্বয়, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।
সফরকালে সেনাবাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনি মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি এই সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) একটি বিশেষ বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিওসি আর্টডক, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার, এনটিএমসি মহাপরিচালক, যুব ও ক্রীড়া সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এছাড়াও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।









