দুর্নীতির মামলায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর নামে থাকা ৬০ লাখ টাকার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মিরপুরের সেনপাড়ার ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকার জমিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শরীফ মাহমুদ অপু স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব স্থাবর সম্পদের মালিকানা পরিবর্তন বা স্থানান্তর বা অন্য কোনও প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন, এজন্য সম্পদ জব্দের প্রয়োজন।









