উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম সামান্য বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি দাম ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ৬২ সেন্টই বহাল রাখা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্যহার রবিবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, বিইআরসি ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণ কার্যক্রম শুরু করে। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে দাম বাড়বে এবং কমলে সে অনুযায়ী কমানো হবে। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময় সময় জেট ফুয়েলের দাম নির্ধারণ করে আসছিল।









