ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীজুড়ে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত শাহবাগ। সেখানে বসানো হয়েছে চেকপোস্ট। প্রাইভেটকার কিংবা বাইক এলে থামিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ বিভিন্ন কথাও জিজ্ঞেস করছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন কোনও অবৈধ দ্রব্য আনা-নেওয়া করতে না পারে, আমরা তার জন্যই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে আমাদের কাজ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে শাহবাগ ছাড়াও হাতিরঝিল, কাওরান বাজার, রামপুরা, ফার্মগেট, মিরপুর, বনানী, গুলশান, বাড্ডা ও উত্তরাতে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে বলে খবর পাওয়া গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, থানার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় চেকপোস্ট চলছে। মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, তেজগাঁও বিভাগের প্রতিটি থানাকে চেকপোস্ট ও পেট্রোল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছি।
অন্যদিকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাবকে রাজধানীজুড়ে পেট্রোলিং করতে দেখা গেছে।







