থার্ড টার্মিনাল চালুর নেই অগ্রগতি

চেয়ারম্যান-মেম্বারদের পরিবর্তনের গুঞ্জনে স্থবির বেবিচক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৬, ১৬:৩৯আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৭:১০

প্রধানমন্ত্রীর ঘোষণার ১৫ দিনেও থার্ড টার্মিনাল চালু নিয়ে কোনও অগ্রগতি করতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। উল্টো নির্মাতা প্রতিষ্ঠানের দেনা ১৬৫০ কোটি টাকার ব্যাপারে মন্ত্রণালয় ও বেবিচক এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আর এই টাকা পরিশোধের বিষয়ে মন্ত্রণালয় ও  বেবিচক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সিদ্ধান্ত চাইবে বলে জানা গেছে। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি করপোরেশনকে থার্ড টার্মিনাল নিয়ে আলোচনা করার জন্য মেইল করে বেবিচক। তবে ফিরতি মেইলে তারা বর্তমান প্রশাসনের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে বেবিচকের প্রশাসনিক কাজে এক ধরনের স্থবিরতা লক্ষ করা যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের বদলির গুঞ্জনে এমন অবস্থা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেবিচক পরিদর্শনে করেন। তারা বর্তমান পরিস্থিতি জানার জন্য থার্ড টার্মিনালও ঘুরে দেখেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি থার্ড টার্মিনাল নির্মাণকাজে অংশ নেওয়া এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি)  সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেন। যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালুরও নির্দেশ দেন তিনি।

ওই বৈঠক শেষে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যেন সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।

সূত্র জানায়, বিশেষ করে থার্ড টার্মিনাল নির্মাণে অংশ নেওয়া জাপানের মিৎসুবিশি করপোরেশন ও ফুজিতা করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশনের যৌথভাবে ‘এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)’ নামে একটি কনসোর্টিয়ামের সঙ্গে দেনা-পাওনা নিয়ে কর্মকর্তাদের উদাসীনতা ছিল চরমে। এমনকি মেগা এই প্রজেক্টকে বিতর্কিত করতেও তারা ছিলেন মরিয়া। এ কারণে অন্যতম এই মেগা প্রজেক্টের কাজ শেষ হলেও তা আলোর মুখ দেখেনি। শুধু তাদের কারণে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) দেনা পাওনা পরিশোধে আন্তর্জাতিক সালিশি আদালতে যায়। যা দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করে। ওই রায় তাদের পক্ষে যায়­—যার কারণে ১৬৫০ কোটি টাকা দিতেই হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর বেবিচক থেকে আলোচনার জন্য যোগাযোগ করা হলে বর্তমান প্রশাসনের আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মকর্তারা বলছেন, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন সেখানে আবারও চিঠি চালাচালি মানেই এটিকে আরও দীর্ঘায়িত করার একটি কৌশল। আসলে বর্তমান প্রশাসনের পক্ষে থার্ড টার্মিনাল চালু তো দূরের কথা, আলোচনায় অগ্রগতি করতে পারবে না বলেও যথেষ্ট সন্দেহ করছেন তারা।

নাম প্রকাশ না করা শর্তে বেবিচকের কর্মকর্তারা বলছেন, বেবিচকের কাজে এক ধরনের স্থবিরতা চলে আসছে। শাহজালালসহ দেশের সব বিমানবন্দরের বেবিচকের ঊর্ধ্বতন ২/৩ জন কর্মকর্তা বদলি হওয়ার গুঞ্জনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।

অতি সম্প্রতি চেয়ারম্যানের কক্ষের সামনে এক ঠিকাদারের তোপের মুখে পড়েন মেম্বার অপারেশনস মেহবুব খান। ফাইল দীর্ঘদিন আটকে রাখার কারণে তিনি সেখানে নাজেহাল হন।

কর্মকর্তারা বলেন, তাদের বদলির ব্যাপারে বেবিচকজুড়েই আলোচনা হচ্ছে। এ কারণে তারাও কাজে মনোযোগী না। কোনও ফাইল গেলে সেটি আটকে রাখছেন।

এদিকে এমন অবস্থার মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বেবিচক পরিদর্শনে আসেন। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া দ্রুত টার্মিনালটি জনসাধারণের ব্যবহারের জন্য চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট সব সহযোগিতা কামনা করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনালও পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বর্তমান প্রশাসন দিয়ে থার্ড টার্মিনাল চালু করা যাবে কিনা, তা নিয়ে আমার নিজেরও যথেষ্ট আশঙ্কা রয়েছে। এডিসির সঙ্গে যে প্রশাসন আলোচনা করে ফলাফল আনতে পারেনি, উল্টো আমাদেরই বিশাল অঙ্কের টাকার খড়গ চেপে বসেছে। সেই কর্মকর্তারা আবারও আলোচনায় বসে কতটুকু সফলতা আনতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’’

তিনি বলেন, ‘‘সরকার যদি আন্তমন্ত্রণালয় একটি কমিটি করে, সেখানে দক্ষ লোকদের অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে একটি পজিটিভ রেজাল্ট আসতে পারে।’’

তিনি আরও বলেন, ‘জাপান ও কোরিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে কাজ করে আমরা ভালো রেজাল্ট আনতে পারতাম। কিন্তু অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে আমরা সেটা পারিনি।’’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালের থার্ড টার্মিনাল কবে চালু হবে, জানালেন বেবিচক চেয়ারম্যান 
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
স্বজন-দর্শনার্থীতে ঠাসা বিমানবন্দরের ক্যানোপি, নিরাপত্তা নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু