রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকার একটি বাসা থেকে ওয়ালিদ হাসান চৌধুরী নাম এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পড়ালেখা নিয়ে বাবা বকাঝকা করায় অভিমানে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ালিদ ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আবুল হাসান চৌধুরী। ঢামেক হাসপাতালে তিনি জানান, ওয়ালিদ একটু জেদি প্রকৃতির ছিল। দুই মাস আগে ছেলের আবদার মেটাতে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছিলেন তিনি। এপ্রিলের ২১ তারিখে ওয়ালিদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু সে ঠিকমতো পড়াশোনা করছিল না। এ নিয়ে প্রায়ই তাকে বকাঝকা করতেন তিনি। গত রাতেও পড়াশোনার বিষয়ে ছেলেকে বকাঝকা করেছিলেন।
এরপর আজ সকালে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ওয়ালিদ ঘরের দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।








