রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িচাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৪ এপি্রল) সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রীর ডি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাজেদুল খিলগাঁওয়ের ওমর আলী লেনে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম আবদুল হাকিম।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই গাড়ির চালক সেলিম বাবুকে (৫০) আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ছেলেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সাজেদুল। দক্ষিণ বনশ্রী এলাকায় পৌঁছালে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
এসআই আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চালককে আটক ও গাড়িটিও জব্দ করা হয়।









