ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এই আদেশ দেন।
দুই দফায় মোট ১১ দিনের রিমান্ড শেষে সোমবার মামুন খালেদকে আদালতে হাজির করে পুনরায় ৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, গত দফার জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে যা মামলার তদন্তে সহায়ক হবে। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই এবং তদন্তের স্বার্থে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও জামাল উদ্দিন মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর ২৬ মার্চ ৫ দিন এবং ৩১ মার্চ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের প্রায় ৫০০-৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ করা হয়েছে যে, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।









