ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মৌসুমি হজ অফিসারদের কাজ কী?
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মৌসুমি হজ অফিসারদের প্রধান কাজ হলো— পবিত্র হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সেবা করা এবং হজের সার্বিক প্রশাসনিক কাজে সহায়তা করা। সৌদি আরবের মক্কা, মদিনা, মিনা, আরাফাহ এবং মুজদালিফাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশি হজযাত্রীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। হজযাত্রীদের বাসস্থান, পরিবহন বা অন্য কোনও সমস্যা হলে তা তদন্ত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা। বিশেষ করে বেসরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীদের থাকার স্থান অর্থাৎ তাদের জন্য ভাড়া করা বড়ি পরিদর্শন করা এবং সুযোগ-সুবিধা তদারকি করা। হজ প্রশাসনিক দল বা কাউন্সিলরের (হজ) নির্দেশনায় অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করা। হজের আরকান-আহকাম সম্পর্কে হাজিদের তালিম বা নির্দেশনা প্রদান করা। সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে সাধারণত ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। তারা হজের আগে থেকে সৌদি আরবে নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করে। এর জন্য তারা বেতনের অতিরিক্ত বাড়তি ভাতা পান। তারা কোনোভাবেই হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।









