রাজধানীর মিরপুর রোডের দারুসসালাম মেইন রোড এলাকায় গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে লালমাটিয়া, মোহাম্মদপুর শ্যামলী, কল্যাণপুর, তেজগাঁওসহ আশপাশের অনেক এলাকায় বুধবার (৮ এপ্রিল) রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ১২ ইঞ্চি, ৫০ পিএসআইজি বিতরণ লাইনের লিকেজ মেরামতের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনাজনিত এ সমস্যার কারণে হঠাৎ করেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানে কাজ করছে সংস্থাটি।
তিতাস জানায়, মাটির নিচের পাইপলাইনে লিকেজ শনাক্ত করার পর তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তবে লিকেজের পরিমাণ বেশি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত ভাল্ব বন্ধ করতে হওয়ায় পূর্বাভাস ছাড়াই অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা আশা করছে, দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তিতাস গ্যাস সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় লালমাটিয়া, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। সকালে উঠে পুরো এলাকায় গ্যাস না থাকায় বিপাকে পড়েন গ্রাহকরা। কোনও ধরনের পূর্বঘোষণা বা নোটিশ না থাকায় কেউ প্রস্তুত ছিলেন না। বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের অনেকেই নাস্তা না করেই বের হয়েছেন।
অপরদিকে, এলাকায় আবহাওয়া খারাপ থাকায় হোটেল-রেস্তোরাঁগুলোও নির্ধারিত সময়ে খুলতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।









