বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের (সিটের মনিটর) ত্রুটির কারণে কোরআন তেলাওয়াত ও তর্জমা শোনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এদিন রাতে উদ্বোধনের কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৬ হাজার হজযাত্রী সৌদি আরবে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান সূত্রে জানা যায়, হজ মৌসুমে মোট ২১৫টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হজের আগে ১০৮টি এবং ফিরতি ১০৭টি ফ্লাইট। মোট প্রায় ৩৯ হাজার ৬৪৩ জন যাত্রী পরিবহন করবে সংস্থাটি।
এবার হজযাত্রী পরিবহনে বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ব্যবহারের কথা রয়েছে। তবে বহরের একটি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য ইতালির রোমে পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরেনি। এতে ফ্লাইট সূচি নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এদিকে, ফ্লাইট সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সিটের মনিটর ত্রুটির বিষয়টি সামনে আসে। সূত্র জানায়, অনেক মনিটরই অচল হয়ে আছে। সাধারণত এসব মনিটরে যাত্রীরা বিনোদনমূলক কনটেন্ট দেখেন এবং হজযাত্রীরা কোরআন তেলাওয়াত শোনেন। তবে ত্রুটির কারণে এ সুবিধা ব্যাহত হতে পারে।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, মনিটরগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে সব ঠিক করা সম্ভব নাও হতে পারে। বিষয়টি আগেই জানানো হলেও যথাযথ গুরুত্ব পায়নি বলেও অভিযোগ রয়েছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, সব মনিটর নষ্ট—এমন তথ্য সঠিক নয়। কিছু মনিটরে ত্রুটি রয়েছে, যা মেরামত করে ফ্লাইট পরিচালনা করা হবে।









