ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে টাকার বিনিময়ে ক্লিনিকে নিয়ে চিকিৎসা করানোর প্রলোভন দেখানোর অভিযোগে বাধন মিয়া (২৬) নামে একজনকে আটক করেছেন আনসার ব্যাটালিয়নের অঙ্গীভূত সদস্যরা।
শুক্রবার দিবাগত রাতে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন মাদারীপুরের মো. হেদায়েত হোসেন। রাত ১টার দিকে বাধন মিয়া ১০ হাজার টাকার বিনিময়ে রোগীকে বাইরের একটি ক্লিনিকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখান। কিন্তু সচেতন রোগী সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। বিষয়টি নজরে আসে ওয়ার্ডে কর্তব্যরত হাসপাতাল গার্ডের অঙ্গীভূত আনসার সদস্যদের। তারা তাৎক্ষণিকভাবে রোগীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে টহলরত অন্যান্য আনসার সদস্যদের অবহিত করেন।
পরে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয় ওই দালালকে। এরপর তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









