১১ ঘণ্টা পর তেল পেয়ে ইকবালের অনুভূতি ‘ঈদযাত্রার মতো’ 

ইমরান আলী 
১৯ এপ্রিল ২০২৬, ০০:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০০:৪৬

শনিবার রাত সাড়ে ১০টা। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে যখন ইকবালের মোটরসাইকেলের ট্যাঙ্কে তেল ভরা হচ্ছিল, তখন তার চোখেমুখে যে আভা, তা কোনও বড় অর্জনের চেয়ে কম নয়। সকাল সাড়ে ১১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘ ১১ ঘণ্টা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে রাত সাড়ে ১০টায় পেলেন সেই কাঙ্ক্ষিত জ্বালানি।

তেল নেওয়ার পর ঘামভেজা শরীরে এক গাল হেসে ইকবাল বলেন, “ভাই, এই তেল নেওয়া তো ঈদ যাত্রার মতো! গত ঈদে গ্রামের বাড়ি গাইবান্ধা যাইতে ২২ ঘণ্টা লাগছিল, আজকে তেল নিতে সেই অভিজ্ঞতারই মনে হয় পুনরাবৃত্তি হইলো।”

ইকবাল পেশায় পাঠাও চালক। অ্যাপের মাধ্যমে ৮০০ টাকার তেল পেয়েছেন তিনি। ১১ ঘণ্টার অসহ্য ক্লান্তি কি এক নিমিষেই দূর হয়ে গেলো? ইকবালের জবাব, “তেল পাওয়ার পর ক্লান্তি কিছুটা কমছে ঠিকই, কিন্তু আগের যন্ত্রণাটা ভোলার মতো না। রাস্তায় বসে আর কতক্ষণ থাকা যায়? কিন্তু উপায় তো নাই, তেল ছাড়া তো আর গাড়ি চলবে না, সংসারও চলবে না।” 

দীর্ঘ লাইন পার হয়ে তেল নিচ্ছেন বাইকাররা (ছবি: বাংলা ট্রিবিউন)

শুধু ইকবাল নন, ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু হওয়া তেলের লাইন মহাখালী বাস টার্মিনাল ছাড়িয়ে গেছে। শত শত বাইকার ও ড্রাইভার ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করছেন এক ফোঁটা জ্বালানির জন্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তেলের অপেক্ষায় বসে থাকতে দেখা গেলো সংবাদকর্মী আপেল মাহমুদকে। দুপুর ১২টায় মহাখালী রেলগেটে সিরিয়াল পেয়েছিলেন তিনি। রাত সাড়ে ১১টায় কথা বলার সময় তিনি পাম্পের কিছুটা কাছে পৌঁছাতে পেরেছেন। আপেল মাহমুদ বলেন, “আর তো কোনও উপায় নেই। দাঁড়িয়ে, বসে, কলা-রুটি খেয়েই অপেক্ষা করছি। আমার সামনে যে অবস্থা, তাতে আরও অন্তত দুই ঘণ্টা লাগবে।”

একই লাইনে দাঁড়িয়ে থাকা মঞ্জুর আলমের দীর্ঘশ্বাস যেন আরও ভারি। ১২ ঘণ্টার ওপর অপেক্ষা করছেন তিনি। ক্লান্ত কণ্ঠে তিনি বলেন, “দুপুর গড়িয়ে রাত সাড়ে ১১টা বাজে। কলা-রুটি খেয়েই আছি। কিছুক্ষণ হাঁটাচলা করি, আবার বাইকের ওপর বসি— এইভাবেই চলছে। দেখি তেলের দেখা কখন পাই।” 

দীর্ঘ লাইন পার হয়ে তেল নিচ্ছেন বাইকাররা (ছবি: বাংলা ট্রিবিউন)

বাইকারদের অবস্থা যদি হয় রোদে পোড়া, তবে প্রাইভেট কার চালকদের অবস্থা স্থবির। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত লাইনে থেকেও তেলের দেখা পাননি চালক হাসান। বিরক্তি নিয়ে তিনি বলেন, “গাড়ি তো আগায় না। গাড়ির ভেতরে ঘুমাইয়া এক জায়গাতেই দুই ঘণ্টা পার করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটু সামনে আসতে পারছি মাত্র, বাকিটা আল্লাহর ইচ্ছা।” সোহেল রানা নামের আরেক চালকও ১১ ঘণ্টা পার করেছেন একই অনিশ্চয়তায়। 

তেলের এই দীর্ঘ লাইনকে কেন্দ্র করে পাম্প এলাকায় জমে উঠেছে ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের ব্যবসা। রুটি, কলা, চা আর সিগারেট নিয়ে ঘুরছেন যুবক হাসান। তিনি জানালেন, আজ তার বিক্রি অন্য যেকোনও দিনের চেয়ে ভালো। হাসান বলেন, “রাতে ডিম খিচুড়ি আনছিলাম ৫০ টাকা প্লেট, তাও প্রায় শেষের পথে। মানুষ খাইতে খাইতে অপেক্ষা করতাছে।”

রাত যত বাড়ছে, তেলের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে ক্লান্তি ততটাই জেঁকে বসছে। তবে যারা তেল নিয়ে পাম্প থেকে বের হচ্ছেন, তাদের অভিব্যক্তিতে ফুটে উঠছে অন্যরকম এক যুদ্ধ জয়ের আনন্দ। ১১ ঘণ্টার ক্লান্তি শেষে তেলের ট্যাঙ্ক পূর্ণ হওয়াটা এখন রাজধানীবাসীর কাছে এক অলীক সুখের নাম। 

/এসটি/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম