পবিত্র হজ পালন শেষে শনিবার (৫ জুন) পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। আজ রবিবার (৬ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জনের দেশে ফেরার কথা রয়েছে।
এর ফলে মোট হজযাত্রীর অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। বাকি হাাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনেক হাজি। তারা হজ পালনের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাজিরা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী অনেক হাজি সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ পালনের পরামর্শ দেন।
এদিকে মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনের মেডিকেল সেন্টার থেকে গতকাল (শনিবার) পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২ জন হজযাত্রী।









