সুন্দরবনে বাঘের সংখ্যা কত, জানালেন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৬, ১৭:০৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৭:০৩

সুন্দরবনে বর্তমানে ১২৪টি বাঘ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী রক্ষার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। প্রায় ১০০ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় পাঁচ হাজারে নেমে এসেছে।

প্রতিমন্ত্রী বলেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে, বাঘের অস্তিত্ব হুমকির মুখে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এবং মানুষকে সচেতন করতে না পারলে ভবিষ্যতে এ প্রজাতি আরও সংকটে পড়বে।

তিনি জানান, বর্তমানে সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানায় মিলিয়ে প্রায় ৫০টি বাঘ রয়েছে।

বাঘকে জাতীয় সম্পদ উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ প্রাণী সংরক্ষণে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

বাঘ গণনায় বরাদ্দ বাজেট ও এ-সংক্রান্ত স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। বন বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্যুভেনির শপ উদ্বোধন করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এম/
সম্পর্কিত
পর্যটন অর্থনীতি বদলে দিতে পারে বাংলাদেশ
আন্দারমানিক টহল ফাঁড়িতে দেখা গেলো বাঘ
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু
হজ ও ওমরাহ ফেয়ারে কো-স্পন্সর সাউথইস্ট ব্যাংক
নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনলো যুক্তরাষ্ট্রের লকহিড
প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হোক, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার 
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন