যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১২৭ জন যাত্রী। যাত্রীদের আনতে ফিরতি ফ্লাইট পাঠানো হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। ৭ আগস্ট রোম এয়ারপোর্টে জ্বালানি নিতে যাত্রাবিরতি করলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘসময় রোমের সেই বিমানবন্দরে আটকা পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে ঢাকা থেকে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বিমানের ফ্লাইটটিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
এর সপ্তাহখানেক যেতে না যেতেই আরেকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেলো। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসে ফ্লাইটটির বোর্ডিংয়ের সময় উল্লেখ করা হয়েছিল বিকাল রবিবার (১৬ আগস্ট) ৩টা।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমান।
এ বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘একটি ফ্লাইট সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। আমরা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে আরেকটি বিমান পাঠিয়েছি। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।’









