ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে এমন সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সড়ক বা ফুটপাতে, কোথাও কোনও জটলা হতে দিচ্ছে না পুলিশ। এলাকায় ঘুরে ঘুরে টহল দিচ্ছেন তারা।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনও সমস্যা নেই। শ্রমিকরা আজ সড়কে নামেনি। তবে আমরা সতর্ক আছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় টহল দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
সোম ও মঙ্গলবারও মিরপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। একই দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসব আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা গেছেন।